• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

কবি আল মুজাহিদী আর নেই

অনলাইন প্রতিবেদন / ১৫৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার দুপুর ২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে মারিয়ামা।

পারিবারিক সূত্রে জানা গেছে, কবি আল মুজাহিদী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা এবং হৃদ্‌রোগে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে এবং কিডনি জটিলতাসহ ফুসফুসে পানি জমায় তাকে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালে আজ দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন কবি আল মুজাহিদী। তিনি একসময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এই কবি। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৩ সালে কবিকে একুশে পদকে ভূষিত করে। এ ছাড়াও কবি আল মুজাহিদীর কুড়িটির অধিক কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।

তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে—‘হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’, ‘যুদ্ধ নাস্তি’, ‘মৃত্তিকা অতি-মৃত্তিকা’, ‘প্রিজন ভ্যান’, ‘দিদেলাস ও ল্যাবিরিস্থ’, ‘ঈডের হ্যামলেট’, ‘‎প্রাচ্য পৃথিবী’, ‘পৃথিবীর ধুলো’, ‘সৌর জোনাকি’, ‎‘ভিতা নুওভা’, ‘অ্যাকাডেমাসের বাগান’, ‘আল মুজাহিদীর শ্রেষ্ঠ কবিতা’, ‘আল মুজাহিদীর প্রেমের কবিতা’, ‘সন্ধ্যার বৃষ্টি’, ‘কালেরবন্দীতে’, ‘‎পাখির পৃথিবী’, ‘‎আলবাট্রাস’, ‘‎কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি’, ‎‘পালকি চলে দুলকি তালে’ ইত্যাদি।

উপন্যাসের মধ্যে রয়েছে—‘প্রথম প্রেম’, ‘‎চাঁদ ও চিরকুট’, ‎‘মিলু এট ও স্যোন্যাটা’, ‘‎লাল বাতির হরিণ’ ও ‘‎আলোর পাখিটা’। ছোটগল্পগ্রন্থের মধ্যে রয়েছে ‎‘প্রপঞ্চের পাখি’, ‎‘বাতাবরণ’, ‘ভরা কটাল মরা কটালের চাঁদ’ ইত্যাদি।

এ ছাড়া প্রবন্ধগ্রন্থ—সমাজ ও সমাজতত্ত্ব। ‎অনুবাদগ্রন্থ—কাইফি আজমির কবিতা, ‎পৃথিবীর কবিতা, ‎আহমদ ফরাজের কবিতা, ‎উর্দু কবিতা, হিন্দি কবিতা ও ‎হাইনরীশ হাইনের কবিতা। গবেষণাগ্রন্থের মধ্যে রয়েছে—কালান্তরের যাত্রী।

একুশে পদক ছাড়াও কবি আল মুজাহিদী তার কাজের স্বীকৃতিস্বরূপ জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, ‎কবি জসীমউদ্‌দীন একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, ‎শেরেবাংলা সংসদ পুরস্কার, ‎জয়বাংলা সাহিত্য পুরস্কার‎ ও বাসাসপ কাব্যরত্ন পদক পেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd