বগুড়া সদরে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির মা ও বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ মে) উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বগুড়া সদরের নারুলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে শুকুর আলীর সঙ্গে গাবতলী উপজেলার উঞ্চুরখী এলাকার নিপার বিয়ে হয়।
দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের মার্চ মাসে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুর আলমের ছেলে দুলালের সঙ্গে নিপার বিয়ে হয়। গত শুক্রবার (৮ মে) রাতে নিপা একটি ছেলে সন্তান প্রসব করেন। অভিযোগ রয়েছে, লোকলজ্জার ভয়ে নবজাতককে গলা কেটে হত্যা করা হয়।
পরে মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।
শনিবার দুপুরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিপা ও তার স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, এমন নির্মম ও নৃশংস ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি।
নিষ্পাপ নবজাতকের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।