বগুড়া শহরের ২১ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর হেলেঞ্চাপাড়া এলাকায় একটি বোর্ড মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে, যাতে কারখানাটির বিপুল পরিমাণ মালামাল ও মূল্যবান যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে।
কারখানার মালিক আব্দুল হান্নান জানান, এই আকস্মিক দুর্ঘটনায় তার প্রায় ৩০ লক্ষ টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। পুঁজি হারিয়ে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠা এখন তার এবং কারখানার শ্রমিকদের জন্য এক চরম অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও শহর সেক্রেটারি আসম আব্দুল মালেক ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন ২১ নং ওয়ার্ড আমির আব্দুস সালাম বিপ্লব অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। তারা ভস্মীভূত কারখানাটি সরজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মালিক আব্দুল হান্নান ও শোকার্ত শ্রমিকদের সাথে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সহমর্মিতা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন তাদের এই বিপদ কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করেন।”
সংকটের এই মুহূর্তে জামায়াত নেতৃবৃন্দের এমন দ্রুত উপস্থিতি ও মানবিক সহমর্মিতা স্থানীয় সাধারণ মানুষ এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। পরিদর্শনকালে শহর জামায়াতের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন